ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানকে উল্লেখ করার প্রতিবাদে উপাচার্যের (ভিসি) পদত্যাগ দাবি করেছিল ছাত্রলীগ। বিকেল থেকে ভিসির বাসভবনের মূল ফটকে তালা লাগিয়ে সামনে অবস্থান নিয়ে রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।
তবে রাত সোয়া ৯টার পর ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ভিসি পদত্যাগের দাবি ছাত্রলীগের নয় বলেও উল্লেখ করেছেন।
বৈঠক শেষে বেরিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমাদের দাবি ছিল রেজিস্ট্রারের পদত্যাগ। তাকে প্রত্যাহার করা হয়েছে। আন্দোলন প্রত্যাহার করা হলো। তবে এর সঙ্গে জড়িত আরো যারা আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
ভিসির পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি, বলে এটা ছাত্রলীগের দাবি ছিল না।
এর আগে দুপুরে রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে ছাত্রলীগ। এসময় গাড়িতে ভিসি তার বাসভবনে যাওয়ার পথে তাদের হামলার শিকার হন। তাকে ধাওয়া করে বাসভবন পর্যন্ত যায় কর্মীরা। এসময় গাড়ির সামনের কাচ ভেঙে ফেলা হয়। তবে তিনি অক্ষত আছেন। এরপর তার বাসভবনের মূল গেটে বাইরে থেকে তালা লাগিয়ে অবস্থান নেয় ছাত্রলীগ। তাকে পদত্যাগের জন্য শুক্রবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেয় তারা। দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণারও হুমকি দেয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহি উচ্চ শিক্ষার এ প্রতিষ্ঠানের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকার এ তথ্য স্থান পেয়েছে। অবিশ্বাস্য হলেও স্মরণিকায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে এ নিবন্ধের লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।
স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ ইতিহাস কারো অজানা থাকার কথা নয়। ইতিহাসের এ বিকৃতি ইচ্ছাকৃত না কি ‘মুদ্রণ প্রমাদ’ তা খতিয়ে দেখতে কমিটি করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অবশ্য শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান উদ্বোধন শেষে টিএসসিতে এক আলোচনা সভায় স্মরণিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।
পরে ছাত্রলীগের প্রতিবাদের মুখে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে উপচার্যের বাসভনে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা ভালোভাবেই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করছিলাম। কিন্তু স্মরণিকায় ইতিহাস বিকৃতির যে ভুলটা ছিল সে মারাত্মক। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় ক্ষুব্ধ হয়ে ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ দাবিতে ভিসির বাসভবন ঘেরাও এবং তার গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ। শুক্রবার জুমার নামাজ শেষে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে এসে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ। তখন ব্যক্তিগত গাড়িতে করে বাসভবনে যাওয়ার পথে টিএসসির সামনে ভিসির গাড়িতে ভাঙচুর চালায় তারা। এসময় চালক দ্রুত গাড়ি চালিয়ে তাকে বাসভবনে পৌঁছে দেন। গাড়িটির সামনে কাচ ভেঙে উপাচার্যের গায়েও পড়ে। তবে তিনি গুরুতর আহত হননি।



