রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি রেস্টুরেন্টে শুক্রবার রাতে বন্দুকধারীদের হামলার ঘটনায় পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে ব্যাপক গুলিবিনিময় চলছে। গুলশানের ৭৯ নম্বর সড়কের ‘হলি আর্টিজান’ নামের ওই রেস্টুরেন্টে ২০ জন বিদেশিসহ অন্তত ত্রিশজন জিম্মি হয়ে আছে বলে মনে করা হচ্ছে। এছাড়া গুলিতে বনানী থানার ওসি সালাহউদ্দীন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এডিসি মারুফ হাসান। এই ঘটনায় দশজন পুলিশ কর্মীসহ অন্তত ২০ জন জখম হয়েছেন। আহত ১৫ থেকে ২০ জনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে বলে হাসপাতালের ডিউটি ম্যানেজার জানিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে নয়টায় প্রথমে আট থেকে দশজন বন্দুকধারীরা ওই রেস্টুরেন্টে প্রবেশ করে বোমা বিস্ফোরণ ঘটায় এবং প্রথম ধাক্কাতেই অন্তত ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে। রাত সোয়া বারোটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলি চলছিল। পুলিশ দূর থেকে ওই রেস্টুরেন্টের দিকে পাল্টাগুলি ছুঁড়তে থাকে। কে বা কারা এর সঙ্গে জড়িত তা পুলিশের কোনো পর্যায়েই কর্মকর্তারাই নিশ্চিত করতে পারছেন না।
তবে ওই রেস্টুরেন্টের সুপারভাইজার সুমন রেজা বাইরে পালিয়ে এসে পুলিশকে জানায়, ভেতরে আটকে পড়াদের মধ্যে অন্তত ২০ জনই বিদেশি। আট থেকে দশজন অস্ত্রধারী হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে ভেতরে ঢুকে গুলি ছুঁড়তে শুরু করে এবং হাতবোমা বিস্ফোরণ ঘটায়। বন্দুকধারীরা মুখে আল্লাহু আকবর বললেও তাদের কারো দাড়ি ছিল না। তাদের বয়স প্রায় ২৮ এর মধ্যে বলে জানান রেস্টুরেন্টের সুপাইরভাইজার। সুপারভাইজার এমন দাবি করলেও কে বা কারা এর সঙ্গে জড়িত তা পুলিশের কোনো পর্যায়েই কর্মকর্তারাই নিশ্চিত করতে পারছেন না।
রাত বারোটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলি চলছিল। পুলিশ দূর থেকে ওই রেস্টুরেন্টের দিকে পাল্টাগুলি ছুঁড়তে থাকে।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থলের কাছে জড়ো হয়ে থাকা সাংবাদিকদের বলেন, “সেখানে কিছু অস্ত্রধারী প্রবেশ করেছে। এইটাই আমাদের কাছে খবর। সেই রেস্তোরাঁর কিছু কর্মচারী বের হয়ে এসেছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখন আমরা চেষ্টা করছি, যাতে শান্তিপূর্ণভাবে এটা কিছু করা যায়।” তবে ঠিক কতজন সেখানে আটক পড়েছেন সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি। তিনি বলেন, “যারা ওখানে ঢুকেছে অস্ত্রসহকারে, তাদের সঙ্গেও আমরা যোগাযোগ স্থাপন করতে চাই, তাদের কী সমস্যা সেটা আমরা শুনতে চাই। আমরা এটাকে পিসফুলি রিজলভ করতে চাই। এটা আমাদের প্রথম লক্ষ্য।”
আরও আপডেট তথ্য জানতে পড়ুন:
o গুলশানের গোলাগুলি: পুলিশের এসি-ওসি নিহত, গুলিবিদ্ধ-জখম ৫০ পুলিশ


