রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় পুরো গুলশান এলাকা ও এর আশপাশ থমথমে অবস্থা বিরাজ করছে। নিশ্চিদ্র নিরাপত্তার পাশাপাশি মানুষের চলাচলও একেবারে সীমিত হয়ে পড়েছে। সব প্রবেশ পথে তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
শনিবার গুলশান ও এর আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
ঘটনাস্থল হলি আর্টিসান রেস্টুরেন্টটি এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। কমান্ডো অভিযান শেষে দুপুর দেড়টার দিকে সাঁজোয়া যানগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে সেনাবাহিনী। তবে কিছু সেনাসদস্য এখনো ওই এলাকায় আছেন। এ ছাড়া র্যাব, পুলিশ, বিজিবি নিরাপত্তার দায়িত্বে আছে। রেস্টুরেন্ট থেকে অনেকটা দূরে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে গুলশানের ওই রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর পুরো এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে জিম্মি উদ্ধারে আজ শনিবার সকাল সাড়ে ৭টার পরপর সেনাবাহিনী, সোয়াত, পুলিশ, র্যাব, বিজিবির সমন্বয়ে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। ৪৫ মিনিটের মাথায় সকাল ৮টা ১৬ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। অভিযানের সময় সেখানে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন।
এদিকে গুলশান এলাকার প্রতিটি প্রবেশ পথে তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। যানবাহন চলাচল একপ্রকার বন্ধই রয়েছে। হাতে গোনা কয়েকটি রিকশা চলতে দেখা গেছে। পুরো এলাকায় দোকান-পাটও তেমন একটা খোলেনি। খুব বেশি কাজ না থাকলে মানুষ ওই এলাকা এড়িয়ে চলছেন। মানুষের চলাচলও খুবই সীমিত দেখা গেছে।


