ঢাকার গুলশানের রেস্টুরেন্টে নারকীয় হত্যাযজ্ঞের থাকা ও মৃত ৫ তরুণের ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস।
গুলশানের রেস্টুরেন্টে হামলাকারী ৫ জনের ছবি প্রকাশ করে ইসলামিক স্টেট (আইএস) টুইটারে দেখা যাচ্ছে বাংলাদেশে নেতৃত্ব দেয়া সেই ৫ জন জঙ্গির ছবি। ছবিগুলো প্রকাশ করেছে বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।
শনিবার রাত ১০টার দিকে সাইটের টুইটার একাউন্টে ছবিগুলো প্রকাশ করা হয়। কারও নাম দেওয়া হয়নি। এই ছবিগুলোর সত্যতা বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি।
এদিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ পর্যবেক্ষক ‘টেররিজম মনিটর’-এর টুইটার একাউন্টে একই তরুণদের ছবি দিয়ে তাদের নাম উল্লেখ করা হয়েছে- আবু উমর, আবু সালমা, আবু রহিম, আবু মুসলিম ও আবু মুহারিব।
আইএসই এই ছবি প্রকাশ করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েসসাইটটির পরিচালক রিটা কাটজ তার টুইটার একাউন্টে বলেন, যার তৎপরতা নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করে আসছেন।
রিটা কাটজের টুইটে লেখা হয়েছে, “বাংলাদেশ হামলায় ৫ হামলাকারীকে চিহ্নিত এবং ছবি প্রকাশ করেছে আইএসআইএস।”
গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের পাঁচজন চিহ্নিত জঙ্গি বলে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক ইতোমধ্যে বলেছেন। তাদের খোঁজা হচ্ছিল জানালেও নাম প্রকাশ করেননি তিনি।
এর আগে গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টের ভেতরের কিছু বীভৎস ছবি ও সেনাবাহিনির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানের দৃশ্য প্রকাশ করেছে আইএস। তাদের মুখপাত্র হিসেবে পরিচিত আমাক এজেন্সি টুইটারে (#AmaqAgency) কিছু ছবি প্রকাশ করেছে। তবে ছবিগুলো যে তাদেরই এটা নিশ্চিত করার মতো কোনো সূত্র পাওয়া যায়নি।
এছাড়া শুক্রবার রাত হামলার ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাক এর বরাত দিয়ে এমন তথ্যই জানায় বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স। এমনকি ২০ জনকে হত্যার কথাও উল্লেখ করা হয়। শনিবার সকালে যৌথ বাহিনির অভিযানে ঠিক ২০ জনের মৃতদেহই উদ্ধার করা হয়।
জিম্মি সঙ্কট নিরসনে সেনাবাহিনির নেতৃত্বাধীন অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর দিয়েছে আন্তঃবাহিনি জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সে হিসাবে এই ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।


