রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সেনাকমান্ডো অভিযানে নিহত সন্ত্রাসীরা দেশের লোকজনের পরামর্শেই কাজ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেন, “এরা দেশের লোকজনের পরামর্শেই কাজ করেছে।”
রোববার বিকেলে রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, ‘জঙ্গি হিসেবে যাদের শনাক্ত করা হচ্ছে, তদন্তের পর বুঝতে পারব- তারা কীভাবে কোন পরিস্থিতিতে এখানে আসলো। অভিযানে যারা নিহত হয়েছে, তারা সবাই বাংলাদেশি, কেউ বিদেশি নয়। বিদেশিদের সঙ্গে এদের কানেকশন আছে বলে মনে হয় না। আমাদের দেশেই এদের উৎপত্তি।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউনাইটেড হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন।
এ সময় সাংবাদিকরা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের কাছে জানতে চান, পুলিশ যে পাঁচ সন্ত্রাসীর ছবি প্রকাশ করেছে, এদের মধ্যে ওই রেস্তোঁরার একজন কর্মচারী আছে কি না?জবাবে আইজিপি বলেন, এটা তদন্তের পর বলা যাবে।
সাংবাদিকরা বলেন, শোনা যাচ্ছে, সন্ত্রাসীদের মধ্যে কেউ কেউ আগেই নিখোঁজ হয়েছিলেন। তাদের পরিবারের পক্ষ থেকে জিডিও করা হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে আইজিপি বলেন, তারা নিখোঁজ হয়নি। তারা স্বেচ্ছায় জঙ্গি হতে চলে গিয়েছিল।


