বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আমরা এই প্রথমবার ব্যর্থ হয়েছি: জয়

Joy_বাংলাদেশের চেয়ে সক্ষমতা বেশি থাকা দেশগুলোর ব্যর্থতা আরও বেশি এবং এই প্রথমবার আমরা ব্যর্থ হয়েছি- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপেদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার ভোরে নিজের ফেসবুকে একটি পোস্টে জয় এ কথা বলেন।

মন্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘ভাবতে চেষ্টা করছিলাম, কী লিখব; কিন্তু কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। এটি ভয়ানক, বর্বরোচিত হামলা। এই হত্যাকারীরা মুসলমান নয়। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।’

তিনি আরও বলেন, রাজধানীর গুলশানে রেস্তোরাঁ হামলায় অংশ নেওয়া সবাই শিক্ষিত ও মধ্যবিত্ত পরিবারের।

সজীব ওয়াজেদ বলেন, ‘হত্যার শিকার ব্যক্তিদের, বিশেষ করে যে পুলিশ কর্মকর্তাগণ সন্ত্রাসীদের থামাতে গিয়ে নিজেদের প্রাণদান করেছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

জয় বলেন, ‘বিদেশি অতিথির প্রতি আতিথেয়তা আমাদের সংস্কৃতির অন্যতম উজ্জ্বল নিদর্শন। এই সন্ত্রাসীরা এটি বন্ধ করতে চায়। আমরা তাদের সফল হতে দিতে পারি না। সকল ব্যক্তি ও ধর্মকে বাংলাদেশ সব সময়েই স্বাগত জানাতে প্রস্তুত আছে।’

প্রধানমন্ত্রীর ছেলে বলেন, ‘দুঃখজনক যে কিছু লোক আবারও আওয়ামী লীগের ওপর অবহেলার আরোপ আনছেন। গত তিন বছরে ব্লগার ও বিদেশিদের ওপরে হামলায় অংশগ্রহণকারী প্রায় সব খুনিকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের সরকারের গত সাত বছরে প্রায় প্রতি মাসেই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছি। এমন প্রতিটি উদ্ধারে ব্যর্থতায় আজকের এই হামলার মতো কোনো হামলা হতো। সরকারকে ধন্যবাদ যে, এ রকম হয়নি।’ তিনি বলেন, ‘কেউই শতকরা ১০০ ভাগ সফল হতে পারে না। এই একবার আমরা ব্যর্থ হয়েছি। আমাদের চেয়ে আরো অনেক বেশি সক্ষমতা আছে, এমন অনেক ধনী দেশেও এমন সন্ত্রাসী আক্রমণ হয়েছে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, ‘বাস্তবতা এটি যে এই সন্ত্রাসীরা শিক্ষিত মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। এমন আরো অনেক আছে। এরা আপনার প্রতিবেশী হতে পারে, আত্মীয় হতে পারে, ছেলে হতে পারে। আমাদের দেশকে নিরাপদ রাখবার জন্য আমাদের প্রত্যেককে সতর্ক প্রহরার দায়িত্ব নিতে হবে। ধর্মের নামে মিথ্যা বলে আমাদের যুবসমাজের মগজ ধোলাইয়ের প্রক্রিয়াকে প্রতিহত করা অন্য যেকোনো কিছুর চেয়ে জরুরি। এ কাজে আমাদের একতাবদ্ধ হতে হবে।’

আরও পড়ুন