সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবারও চাঁদপুরের বেশ কিছু গ্রামে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর এবং দক্ষিণ এবং শাহরাস্তি মিলের মোট ৪০টি গ্রামে এ ঈদ উদযাপিত হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা ঈদের নামাজে শরিক হন। সকাল ১০টায় জেলার ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট জামে মসজিদে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ছোটবড় ভেদাভেদ ভুলে অনেকেই কোলাকুলি করেন।
১৯৩২ সাল থেকে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (র.) সৌদি আরব এবং চন্দ্রমাস হিসেব করে এদেশে প্রথম আগাম ঈদ উদযাপন শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তাঁর অনুসারীরা এভাবে দুটি ঈদ উদযাপন করছেন। এদিকে, ঈদ উপলক্ষে সেখানে শিশুদের আনন্দ দিতে বেশ কিছু খেলনার দোকান বসেছে। ৩০ রোজা পূর্ণ করে ঈদ পালন করতে পেয়ে খুশি এলাকার মুসল্লিরা।


