গুলশান ট্রাজেডির ঘটনায় নিরাপত্তার অজুহাত দেখিয়ে ঢাকা-কলকতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম কলকাতা টুয়েন্টিফোর এ খবর দিয়ে বলছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিরাপত্তার আশ্বাস না পেয়ে মঙ্গলবারের নির্ধারিত ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে তিন দিন- মঙ্গলবার, শনিবার ও রোববার দুদেশের মধ্যে চলাচল করে।
মূলত রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিলের অনুরোধ করা হয়।
সেটিতে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ভারত। একইসঙ্গে দুদেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবারের যাত্রাটি বাতিল হওয়ার কারণে শনিবারের যাত্রা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশী-বিদেশঅ অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন।
হামলাকারীদের ঠেকাতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে পরের দিন শনিবার ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।
ওই ঘটনার পর শনিবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমাদের ওপর আস্থা রাখুন। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।’
দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে জনগণকে সক্রিয় হওয়ারও আহ্বান জানান তিনি।


