সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারত সরকার শক্তভাবে বাংলাদেশের ভাই-বোনদের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার বাংলাদেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ কথা বলেন ভারতের রাষ্ট্রপতি।
এ ঘটনায় প্রণব একে একে পাঁচটি টুইট করেন। প্রথম টুইটে তিনি বলেন, ‘আজ ঈদের দিনে বাংলাদেশের কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলার খবর শুনে আমি শোক ও বেদনাহত।’
দ্বিতীয় টুইটে তিনি বলেন, ‘আমি অত্যন্ত কঠোর ভাষায় এই হামলাকারীদের নিন্দা জানাই।’
এরপর ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার অত্যন্ত সাহসিকতার সঙ্গে উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে লড়ছে।’
চতুর্থ টুইটে তিনি জানান, ‘এই লড়াইয়ে বাংলাদেশি ভাই-বোনদের পাশেই থাকবে ভারত সরকার।’
‘এসব শক্তিকে (সন্ত্রাসীদের) পরাজিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারকে ভারত সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে’ বলেও সর্বশেষ টুইটে ঘোষণা দেন ভারতের রাষ্ট্রপতি।
এর আগে রাজধানীর গুলশানের হলিআর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার পরও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রণব।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকালে দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিস্ফোরণ ও গুলির ঘটনায় পুলিশসহ চারজন নিহত হয়। এছাড়াও হামলায় আহত হন আট পুলিশসহ অন্তত ১২ জন।
এর আগে গত শুক্রবার রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশী-বিদেশী অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন।
হামলাকারীদের ঠেকাতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে পরের দিন শনিবার ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।
নিহতদের মধ্যে নয়জন ইটালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক৷ বাকি তিনজন বাংলাদেশী, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল৷


