চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন— ইসলাম সওদাগর (৪০), রুবেলের ছেলে ইমন (১৮) ও হানিফ মিস্ত্রির ছেলে রিজভী (১৫)। এদের সবার বাড়ি ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের পূর্ব সুয়াবিল গ্রামে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হালদার ধুরং খালের নাছির উদ্দিন চৌধুরী ঘাটের এক কিলোমিটারের মধ্যে তাদের মৃতদেহ পাওয়া যায় বলে সাংবাদিকদের জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া।
তিনি জানান, নৌকাডুবির ঘটনায় রহিম (১৩) ও আরমান (১৮) নামে দু’জন এখনো নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে অভিযান চলছে।
ফটিকছড়ির সুন্দরপুর থেকে সুয়াবিল যাওয়ার পথে শুক্রবার বেলা ১২টার দিকে যাত্রীবোঝাই একটি নৌকা হালদা নদীতে ডুবে যায়। এ ঘটনায় নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে পাঁচজন। এদের মধ্যেই তিনজনের মৃতদেহ পাওয়া গেল শনিবার সকালে।



Leave a Reply