রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বিকেলে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিকেলে বঙ্গভবনে পৌঁছলে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি। এ সময় তার সহধর্মিণী রাশেদা খানম উপস্থিত ছিলেন। এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সচিবরাও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি শেখ হাসিনা তার সাম্প্রতিক বুলগেরিয়া, জাপান ও সৌদি আরব সফর সম্পর্কে অবহিত করেন।
সাম্প্রতিক সময়ের তার এ তিনটি সফরই ছিল নানা কারণে গুরুত্বপূর্ণ। গত মে মাসে তিনি গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে বুলগেরিয়া সফর করেন। একই মাসে জাপানে অনুষ্ঠেয় জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ বৈঠকে একটি অধিবেশনে চারটি মূল বিষয়ের ওপর বক্তৃতা করেন তিনি। এ ছাড়া গত জুনে বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সৌদি আরব সফর করেন শেখ হাসিনা।
আবদুল হামিদও তার চলতি মাসের ভুটান সফরের বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।


