বুধবার ৪ নভেম্বর ২০২৬

হামলায় প্রস্তুত নারী জঙ্গিরা: আটক ৩

women jongiবিভিন্ন স্থানে আত্মঘাতীসহ বিভিন্ন ধরনের নৃশংস জঙ্গি হামলার জন্য নারী জঙ্গিদের প্রস্তুত করছে জঙ্গি সংগঠনগুলো।

টাঙ্গাইলে জেএমবির সুইসাইড স্কোয়াডের তিন নারীকে আটক করেছে পুলিশ। কুমিল্লায় জঙ্গি সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। নওগাঁয় মিলন নামের এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল : কালিহাতী উপজেলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে আটক করলেও কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে তিন নারী সদস্যকে মঙ্গলবার বিকালে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরে ডিবি পুলিশ আটককৃতদের সন্ধ্যায় রিমান্ড চাওয়ার জন্য আদালতে হাজির করে। কিন্তু ঈদের কারণে আদালতের বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাস তিনজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হচ্ছে- রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতী ওরফে জেমি (১৮)।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি খন্দকার আখেরুজ্জামান জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যা ও নাশকতার সঙ্গে জড়িত জেএমবির সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যের একটি দল টাঙ্গাইলে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান জানা যায়। পরে মঙ্গলবার ভোর রাতে উপজেলার যোকারচর রেল গেটের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ছোরা, মানুষ জবাই করার ভিডিও চিত্র ও বোমা তৈরির কলাকৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়।

কুমিল্লা : জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার সন্দেহে ওমর ফারুক, আবদুল কাহ্হার ও আবদুল মমিন নামের ৩ যুবককে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা উত্তরপাড়া দি এহসান একাডেমিতে বৈঠক করার সময় স্থানীয় লোকজন ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় শনিবার বিকালে এসআই বিল্লাল হোসেন বাদী হয়ে জঙ্গি কার্যক্রমে মদদ, অর্থায়ন ও নাশকতার প্রস্তুতির অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

নওগাঁ : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য মঞ্জুরুল ইসলাম মিলনকে (৪২) গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। শুক্রবার দুপুরে আত্রাই উপজেলার বারুনীতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মঞ্জুরুল ইসলাম মিলন উপজেলার মহাদিঘী গ্রামের আবদুল মালেক মুহুরীর ছেলে। আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে রাণীনগর ও আত্রাই উপজেলাসহ আশপাশের উপজেলায় সিদ্দিকুল ইসলাম ওরফে ‘বাংলা ভাই’ ‘জেএমবি’ দল গঠন করে কথিত সর্বহারা নিধনের নামে হত্যাযজ্ঞ, নির্যাতন, লুটতরাজ, ঘরবাড়ি ভাংচুর করে।

সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে আটক ৪ : সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জঙ্গি সন্দেহে চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড রেল গেট এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরপর থেকে বাড়বকুণ্ড জামে মসজিদসহ ওই এলাকায় বেশ কয়েকবার অভিযান চালায় পুলিশ। রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন