ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কোচিং সেন্টারের একটি কক্ষে আটকে রেখে দিনভর ধর্ষণের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে মো. মিজানুর রহমান (২২) নামের ওই ছাত্রকে রোববার রাতে গ্রেফতার করে পুলিশ।
সোমবার ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
গ্রেফতার হওয়া মিজানুর বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বায়েজিদ থানাধীন মোহাম্মদনগর এলাকার আবদুল মোনাফের ছেলে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ওই ছাত্রীর মা।
তিনি জানান, মিজানুরের বাবা প্রবাসী। তার মা একটি কোচিং সেন্টারের পরিচালক। মায়ের কোচিং সেন্টারেই পড়াশোনা করত ধর্ষণের শিকার ছাত্রীটি। কোচিং সেন্টারের পড়ার সুবাদে শিক্ষিকার বাসায় ছাত্রীটির যাতায়াত ছিল। সেই সুবাদে মিজানুরের সঙ্গে পরিচয় ছিল।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর জবানবন্দির বরাত দিয়ে ওসি মোহাম্মদ মহসিন জানান, রোববার দুপুর একটার দিকে ওই ছাত্রী শিক্ষিকার কাছে পড়তে যায়। তবে বাসায় শিক্ষিকা না থাকায় দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বাসায় কোচিং সেন্টারের একটি ঘরে আটকে রেখে মিজানুর ওই ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করে। কাউকে এসব কথা জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয় ওই ছাত্রীকে। পরে এক বান্ধবীর বাসায় রেখে যায় তাকে।
পরে এ ঘটনা স্কুলছাত্রী তার মাকে জানায়। ওই রাতেই মা বাদি হয়ে থানায় মামলা করেন।


