টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার করাতিপাড়ার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসাইল থানার ওসি আবদুল জলিল জানান, সকালে ঢাকা থেকে একটি যাত্রীবাহি বাস উত্তরবঙ্গে যাচ্ছিল। পথে করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছলে বিপরীতমুখি একটি পিকআপের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় ১০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।
তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি আবদুল জলিল।


