বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার ১২ জুলাই সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে যান লুৎফুজ্জামান বাবর। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় বাবরকে।
মঙ্গলবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান লুৎফুজ্জামান বাবরের মা জোবায়দা রহমান। জানাজায় অংশ নিতে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান বাবর। গুলশানে জোবায়দা রহমানের জানাজায় অংশ নেন সাবেক এ প্রতিমন্ত্রী। মা জোবায়দা রহমানকে বনানী কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে তিনি একই কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির বলেন, ‘সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মায়ের দাফন বনানীতে অনুষ্ঠিত হয়। দাফন শেষে ফেরার পথে তিনি আরাফাত রহমান কোকোর কবরে যান। সেখানে জিয়ারত করেন।’
মৃত্যুকালে জোবায়দা রহমান চার ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নেত্রকোনাসহ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
১০ ট্রাক অস্ত্র মামলাসহ একাধিক মামলায় বর্তমানে গ্রেপ্তার আছেন বাবর। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসন (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) থেকে বিএনপির মনোনয়নে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।


