বুধবার ৪ নভেম্বর ২০২৬

চুরির অপবাদে গৃহকর্মীকে রাতভর সিগারেটের ছ্যাঁকা

nir-jug_19054_1468473495টাকা চুরির অপবাদে সাভারে রিনা খাতুন (৩৫) নামে এক গৃহকর্মীকে ঘরে আটকে রেখে রাতভর সিগারেটের ছ্যাঁকা ও ছুরি দিয়ে খুঁচিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর খবরে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে।

বুধবার গভীর রাতে সাভারের নামাগেন্ডা পশ্চিমপাড়া এলাকায় দারোগ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ওই গৃহকর্মী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার আড়োয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার স্ত্রী। দুই সন্তান নিয়ে তিনি নামাগেন্ডা এলাকার জসিমের বাড়িতে একটি কক্ষ ভাড়া থাকতেন।

গৃহকর্মী রিনা খাতুনের ছেলে জীবন মিয়া জানায়, তার মা নামাগেন্ডা পশ্চিমপাড়া এলাকায় মুদি দোকানী বাচ্চু মিয়ার ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

বুধবার বাচ্চু মিয়ার ঘর থেকে ১২ হাজার টাকা হারিয়ে যায়। এ টাকা তার মা চুরি করেছে এমন অভিযোগ এনে তাকে রাতে ঘরে নিয়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে রাতভর নির্মমভাবে নির্যাতন করে বাচ্চু মিয়া তার বন্ধু মোকছেদ ও দারোগ আলী। এ সময় ওই গৃহকর্মীকে সারা শরীরের ছুরির খোঁচা দিয়ে জিজ্ঞাসাবাদ করেন ওই তিন ব্যক্তি।

গৃহকর্মী রিনার আর্তচিৎকারে আশপাশের লোকজন সাভার মডেল থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় রিনাকে উদ্ধার করে সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, ওই গৃহপরিচালিকাকে খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের এক কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে নির্যাতিত গৃহকর্মীর স্বজনরা।

এছাড়া ঘটনার পর থেকে অভিযুক্ত বাচ্চু মিয়া এলাকাবাসীর জনরোষের ভয়ে ঘরে তালা ঝুলিয়ে গাঢাকা দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত বাড়িওয়ালা দারোগ আলী জানান,  ওই গৃহকর্মী টাকা চুরি করেছে এই সন্দেহে তাকে মারপিট করা হয়েছে। এতে দোষের কিছু নেই।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন