ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরে আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর লরি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফ্রান্সকে হামলাকারীদের বিচারে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, পুরোনো বন্ধু ফ্রান্সের পাশে যুক্তরাষ্ট্র সব সময় আছে। এ ঘটনা ভয়াবহ সন্ত্রাসী হামলা। আমরা জানি এই হামলা ও প্রাণহানির ক্ষত ফ্রান্সকে অনেক দিন বয়ে বেড়াতে হবে।
বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নিস শহরে আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতির একটি লরি উঠে যাওয়ার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করছে শহরটির কর্তৃপক্ষ।
গুলিতে ওই লরির চালক নিহত হওয়ার পর লরির ভেতর থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়।


