বুধবার ৪ নভেম্বর ২০২৬

গানম্যান পাবেন বিসিবির বিদেশীরা

bcb-jugantor_19148_1468560870সম্প্রতি রাজধানীর গুলশানে হামলার ঘটনায় পুরো দেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্রীড়াঙ্গনেও হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিতেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

বিসিবিতে প্রবেশের ক্ষেত্রে বসানো হয়েছে কড়া পাহারা। সবাইকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরই ঢুকতে দেয়া হচ্ছে ভেতরে।

অক্টোবরে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে গুলশান হামলার ঘটনায় সিরিজ নিয়ে শংকা দেখা দিয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে-তারা আগে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করবেন। তারপরই সিদ্ধান্তে আসবে তারা তাদের দলকে বাংলাদেশে পাঠাবে কি না।

সম্প্রতি বাংলাদেশে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বিদেশীরা। তাই বিসিবিতে যেসব বিদেশী স্টাফ রয়েছেন তাদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

জাতীয় ক্রিকেট দলের কোচ হাথুরু সিংহের মতো বিসিবিতে দায়িত্ব পালনরত অন্য বিদেশীদের নিরাপত্তার জন্যও একজন করে গানম্যান নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গত বছর ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের কয়েক মাস পর বিসিবিই উদ্যোগী হয়ে হাথুরুর নিরাপত্তায় দেহরক্ষীর ব্যবস্থা করেছিল।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, জাতীয় দল, একাডেমিসহ বিসিবিতে বিদেশী কোচ-ফিজিও-ট্রেনার আছেন সাত-আটজনের মতো। তাদের সবার নিরাপত্তার জন্য একজন করে গানম্যান নিয়োগ দেয়া হবে। সার্বক্ষণিক সশস্ত্র দেহরক্ষী দিতে রাজিও হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আগামী ২০ জুলাই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার আগেই ঢাকায় ফিরবেন বিদেশী স্টাফরা। তখন থেকেই তাদের নিরাপত্তা দেয়া শুরু করবেন দেহরক্ষীরা।

আরও পড়ুন