
ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলায় তাৎক্ষণিকভাবে কোনো বাংলাদেশী নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হেল্প ডেস্ক চালু করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম।
হতাহত ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশীর খোঁজ পাওয়া গেলে দূতাবাসের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
তবে জানা গেছে, নিস শহরে বাংলাদেশী নাগরিকের বসবাস নেই বললেই চলে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে শহরের বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক লরি তুলে দেন এক ব্যক্তি।
এতে শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে দেশটির কর্তৃপক্ষ।


