তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার দেশটিতে ভারপ্রাপ্ত নতুন সেনাপ্রধান নিয়োগ করা হয়েছে। এছাড়া ভ্যুত্থান প্রচেষ্টায় লিপ্ত প্রায় ৫০ সেনা আত্মসমর্পন করেছে বলেও খবর পাওয়া গেছে।
তুরস্কে সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর দেশটিকে নতুন সেনাপ্রধান নিয়োগ দেয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদ্রিম জানান, জেনারেল উমিত দুনদারকে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি হুলুসি আকারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছিলেন, দেশটির সেনাপ্রধান হুলুসি আকার কোথায় আছেন, কী অবস্থায় আছেন, তিনি তা জানেন না। ওই অভ্যুত্থানে হুলুকির কোনো ভূমিকা ছিল কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
শনিবার সকালে ইস্তাম্বুলের বোসফরাস সেতুর ওপর আত্মসমর্পন করেছে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ৫০ সেনা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ফুটেজে দেখা যায়, তারা নিজেদের ট্যাঙ্ক ছেড়ে দু হাত মাথার ওপর তুলে সেতুটি পেরিয়ে আসছে।
এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শুক্রবারের ওই সেনা বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর গোটা দেশে অভিযান চালিয়ে আরো ৭৫৪ সেনা সদস্যকে আটক করা হয়েছে।


