বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বরিশালের ৩৫ হিন্দু পরিবারকে দেশছাড়ার হুমকি

Jhalokathi-Mandirদাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের মারধর করে গুরুতর আহতসহ ৩৫টি পরিবারকে ভারতে যাওয়ার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার ৩৫টি হিন্দু পরিবারের দেড় শতাধিক নারী-পুরুষ চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চাঁদাবাজদের হামলায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণ চাঁদশী গ্রামের মৃত রাধা মাধব মজুমদারের পুত্র জগদীশ মজুমদার (৬০) অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসী নয়ন তালুকদার ও তার ৮/১০জন সহযোগীরা পূর্ণরায় সশস্ত্র মহড়া দিয়ে জগদীশ মজুমদার, ইন্দ্রজিত মন্ডল, বিমল মন্ডল ও পরিমল মন্ডলের বাড়িতে গিয়ে তাদের দাবিকৃত চাঁদার টাকা না দিলে ও হামলার বিষয়টি কাউকে জানালে ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের ৩৫টি পরিবারকে দেশত্যাগের হুমকি প্রদর্শন করে।

এ ঘটনায় শুক্রবার সকালে হুমকি দেয়া ৩৫টি পরিবারের প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ থানায় উপস্থিত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝালকাঠিতে পুরোহিত ও ছেলেকে হত্যার হুমকি:
ঝালকাঠিতে শ্রী শ্রী শীতলা খোলা ও লোকনাথ বাবার মন্দিরের পুরোহিত অমল ভট্টাচার্য্য ও তার ছেলে দেবাশিষ ভট্টাচার্য্যকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। শনিবার সকালে পুজা করতে এসে অমল ভট্টাচার্য্য  মন্দিরের আঙ্গিনায় চিঠিটি দেখতে পান। এ ঘটনার পরে জরুরি মিটিং করে মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ করা হয়, ‘ আমাদের পরিচয় তোদের জানার দরকার নেয়। আমরা হয়েছি পুরিহিত হত্যা সংগঠন। আগে তুই পরে তোর ছেলে। আমরা এখানে আছি। এই লেখা কাউকে দেখাবিনা।’ ঝালকাঠি পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানায়,  পুলিশ সব মন্দিরের পুরোহিত ও সেবাইতদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক রয়েছে।

আরও পড়ুন