বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জঙ্গিবাদ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরকারের বৈঠক

Private-University-Meeting-জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক চলছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর মালিক, উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন।

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় জড়িতরা অধিকাংশই বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যমের ছাত্র। হামলায়  অভিজাত ও উচ্চশিক্ষিত এসব তরুণের  জড়িত থাকার প্রেক্ষাপটে  সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে  সরকার এ বৈঠকের আয়োজন করে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য ছাড়াও ছাত্র, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা অংশ নেন এই মতবিনিময়ে।

সভার শুরুতে পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর) সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকও সভায় বক্তব্য দেন।

আইজিপি বলেন, “কে সন্ত্রাস করল, কে কোন দলের, কে কোন মতের সেটা বড় কথা না। সন্ত্রাসী এবং জঙ্গিবাদীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে চাই, আপনাদের সহযোগিতা দরকার।”

তরুণদের সন্ত্রাস ও জঙ্গিবাদে ‘জড়িত করা হচ্ছে’ মন্তব্য করে আইজিপি বলেন, “কোরআনের কিছু সুরার খণ্ডিত অংশ বিকৃত করে জিহাদের নামে বেহেস্তে যেতে পারবে বলে তরুণদের বিভ্রান্ত করছে। … বেহেস্তের আশায় তারা জীবন বিসর্জন দেয়।”

তিনি বলেন, “তারা মানবতার বিরুদ্ধে হামলা করছে। এসব হামলা করে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রগতিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে।”

আগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এ প্রবণতা দেখা গেলেও এখন ‘ভাল ভাল’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরাও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন পুলিশ প্রধান।

এ বিষয়ে পরিবার ও শিক্ষকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “সন্তানরা যেন বিপথে না যায় তা দেখার দায়িত্ব পরিবারের। আমি মনে করি শিক্ষকদেরও দায়দায়িত্ব আছে নজরদারি করার। সামাজিক দায়িত্ব থেকে মোকাবেলা করা উচিত।”

সবার সহযোগিতা নিয়ে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলার আশা প্রকাশ করে শহীদুল হক বলেন, “সন্তানরা যেন এসব কর্মকাণ্ডে জড়িয়ে না পড়তে পা তার দায়িত্ব আমাদের। শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরও দায়িত্ব আছে নজরদারি করার। কীভাবে নজরদারি করা যায় সে বিষয়ে আপনারা মতামত দেবেন।”

জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কি করা উচিত সে বিষয়ে পরামর্শ চাওয়ার পাশাপাশি নতুন করে কাউকে যেন জঙ্গিরা ‘রিক্রুট’ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন পুলিশ প্রধান।

বর্তমানে দেশে ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুমোদন রয়েছে। এরমধ্যে ৮০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসব বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া উচ্চবিত্ত পরিবারের ছেলেরাও সাম্প্রতিক সময়ে বাড়ি পালিয়ে জঙ্গিবাদে ঝুঁকছে বলে তথ্য আসায় উদ্বেগ তৈরি হয়েছে সরকার ও অভিভাবক মহলে।

গত ১ জুলাই গুলশানের জঙ্গি হামলার পর সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের ছবি প্রকাশ করে আইএস। ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের গুলিতে এক যুবক নিহত হন।

এই ছয়জনের মধ্যে চারজনই বিভিন্ন ব্যয়বহুল ইংরেজি মাধ্যমের স্কুলে লেখাপড়া করেছেন। তাদের দুইজন ঢাকার নামি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, একজন ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের।

এর আগে গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় যে আটজনের সাজার আদেশ হয়েছে, তাদের মধ্যে সাতজনই নর্থ সাউথের শিক্ষার্থী ছিলেন।

গত বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নিষিদ্ধ সংগঠনর হিজবুত তাহরীরের বইপত্র পায়। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয় বলে গণমাধ্যমের খবর।

কোনো তরুণ বাড়ি পালিয়ে জঙ্গি দলে ভিড়েছে কি না- তা জানতে পরিবারের কাছে তথ্য চেয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী টানা দশ দিন অনুপস্থিত থাকলেই সে তথ্য সরকারকে জানাতে হবে।

আগামী ২৩ জুলাই রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি বিশ্ববিদ্যালগুলোর সঙ্গে একই ধরনের সভা করবে সরকার।

আরও পড়ুন