বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আসলাম চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

1463394792_64218_1.jpgচট্টগ্রামে একটি বেসরকারি ব্যাংকের সোয়া তিনশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ছয় জনের বিরুদ্ধে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদী হয়ে শনিবার গভীর রাতে ডবলমুরিং থানায় মামলাটি করেন।

দুদকের উপসহকারী পরিচালক সাধন সূত্রধর বলেন, “এর মধ্যেই মামলার অন্যতম আসামি আসলামের ভাই জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।”

দুদকের চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুইয়া বলেন, “আসামিদের বিরুদ্ধে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।”

মামলার অপর আসামিরা হলেন- আসলামের আরেক ভাই আমজাদ হোসেন চৌধুরী, জামিলা নাজনিন মাওলা, বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক (জিএম) ও এবি ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খান ও এবি ব্যাংকের সাবেক এমডি ফজলুর রহমান।

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি গণমাধ্যমে আসার পর তা নিয়ে আলোচনার মধ্যে গত ১৫ মে ঢাকায় গ্রেপ্তার হন আসলাম, তার বিরুদ্ধে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলা করা হয়।

কিছুদিন আগে বিএনপিতে যুগ্ম মহাসচিবের পদ পাওয়া আসলামকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া তিনটি নাশকতার মামলায়ও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সর্বশেষ এই বিএনপি নেতাকে চেক প্রতারণার আটটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

আরও পড়ুন