বুধবার ৪ নভেম্বর ২০২৬

সপরিবারে চিকিৎসক নিখোঁজ: থানায় জিডি, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ

indexরাজধানীর রামপুরায় এক চিকিৎসক ও তার পরিবারের চার সদস্য নিখোঁজের ঘটনায় পুলিশ বাদী হয়ে রবিবার থানায় একটি জিডি করেছে।

গত বছরের জুন মাস থেকে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার রোকন উদ্দিন ও তার  স্ত্রী, দুই মেয়ে ও এক মেয়ের জামাতা নিখোঁজ হন। সম্প্রতি হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনার পর দীর্ঘদিন ধরে নিখোঁজের ঘটনাটি পুলিশের নজরে আসে। অভিযোগ রয়েছে, ডাক্তার রোকন উদ্দিন সপরিবারের তুরস্কে গমন করেছেন।

ডাক্তার রোকন উদ্দিনের স্ত্রী মালিবাগের প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাক্তার আলি আহমেদের মেয়ে। মালিবাগ মাটির মসজিদের কাছে সাত তলার বাড়ির কয়েকটি ফ্ল্যাটের মালিক ডাক্তার রোকন উদ্দিন।

রামপুরা থানার ওসি জানান, রবিবার ‍পুলিশের একটি টিম ঐ বাড়ি পরিদর্শন করেছে। সেখানে রোকন ‍উদ্দিনের ভাই পুলিশকে জানান, গত বছরের জুনে সপরিবারে বিদেশ যাওয়া পর থেকে তারাই ফ্ল্যাটের ভাড়া উত্তোলন করছেন। তবে বিদেশ যাওয়ার পর থেকে তার ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই।

পুলিশ ধারণা করছে, সপরিবারে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার বিষয়টি রহস্যজনক। এর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার ঘটনা থাকতে পারে। রবিবার রাতে পুলিশ এই ঘটনায় রামপুরা থানায় একটি সাধারণ ডায়রি করেছে।

আরও পড়ুন