রাজধানীর একটি মেসে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সেখান থেকে ইসলামী ছাত্রশিবিরের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁওয়ের একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে শিবিরের খিলগাঁও থানার সভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকও রয়েছে।
এসময় তাদের হেফাজত থেকে চারটি ককটেল, তিনটি চাপাতি, সাতটি কম্পিউটার ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে। পরে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান খিলগাঁও থানার ওসি।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর পুলিশ রাজধানীসহ দেশজুড়ে এ অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের কূটনীতিক পাড়ার অভিজাত এই রেস্টুরেন্টে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে। সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে প্রাণ যায় ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খানের।
পরদিন শনিবার (২ জুলাই) সকালে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করে এবং ৬ জঙ্গির মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনার ঠিক সাতদিনের মাথায় ৭ জুলাই সকাল সোয়া ৯টার দিকে শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য, গৃহবধূ ঝর্ণা রানী ও সন্ত্রাসী আবির নিহত হন। এছাড়া আহত হন আরো অন্তত ৮ জন। এদের মধ্যে গুরুতর আহত ৬ পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।


