বুধবার ৪ নভেম্বর ২০২৬

এক উকিলের সনদ বাতিল: ২ জনকে তিনবছর বহিষ্কার

Bar Councilপেশাগত অসদাচরণের দায়ে এক আইনজীবীর সনদ বাতিল এবং দুই আইনজীবীকে তিন বছরের জন্য পেশাগত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। তাঁরা এই সময়ের মধ্যে বাংলাদেশের কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না।

বুধবার বার কাউন্সিলের তথ্য কর্মকর্তা নাজমুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

এর মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসনাতকে আইন পেশা থেকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দুই সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহজালাল চৌধুরী ও অ্যাডভোকেট মোহাম্মদ তবারক হোসেনকে তিন বছরের জন্য আইন পেশায় নিষিদ্ধ করা হয়েছে।

অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়ে বার কাউন্সিলের ১ নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, সদস্য মোহাম্মদ পারভেজ আলম খান ও শেখ আক্তারুল ইসলামের বেঞ্চ এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

ঘটনার বিবরণে জানা যায়, সাদা স্ট্যাম্পে সই নিয়ে পরে তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসনাতকে আইন পেশা থেকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের একটি মামলা মীমাংসা করতে তিনজন আইনজীবী সালিস করেন। সেই সালিসকারকদের একজনের অনুপস্থিতিতে তার সই জাল করা হয়। এ অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হয়। ওই আবেদন শুনানি করে আজ দুজনের সনদ সাময়িক বাতিল করা হয় ও তিন বছরের জন্য সব আইনি কাজ থেকে বিরত রাখতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন