বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধকে বিক্রি করা হচ্ছে: সুলতানা কামাল

Sultana_kamal_মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, এখন মুক্তিযুদ্ধকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে বিক্রি করা হচ্ছে। সবার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে পারলে বাংলাদেশে কোনো জঙ্গি আক্রমণ করতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সুলতানা কামাল।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এই মুক্তিযোদ্ধা বলেন, আমাদের গর্ব মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে বেচা হচ্ছে। আমাদের এই গর্ভকে বেচার অধিকার কাউকে দেইনি। যেটা চলছে সেটা চলতে দেওয়া হবে না। আশা করি অনেকেই আমাদের সাথে দৃঢ়ভাবে বলবে, এভাবে চলতে দেওয়া যায় না।

তিনি বলেন, দেশ আমাদের; এই দেশকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারলে এ দেশে কোনো জঙ্গি আক্রমণ করতে পারবে না।

সুলতানা কামাল বলেন, আজকে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, তারাই নিজেদের একরকম ভাবে আর সবাইকে আলাদা মনে করে। ফলে সাধারণ মানুষকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এতে মূলত রাষ্ট্রকেই খণ্ডিত করা হচ্ছে, যা আইনত অন্যায়। কেননা এই রাষ্ট্র সবার। তাই আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে কাজে নেমে যেতে হবে।”

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ-বাগদা ফার্মের জন্য অধিগ্রহণকৃত জমি মূল উত্তরাধিকারদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে এ সভার আয়োজন করে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও জাতীয় আদিবাসী পরিষদ।

সভায় ঐক্যন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য, মানবাধিকারকর্মী খুশি কবির, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ছাড়াও অন্যদের মধ্যে সাবেক তথ্য কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম, রুবায়েত ফেরদৌস ও লেখক পাভেল পার্থ বক্তব্য দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *