শনিবার ৭ নভেম্বর ২০২৬

যানবাহন চালকের ছবিসহ লাইসেন্স ওয়েবসাইটে দেয়ার দাবি

Driverনৌ ও সড়ক দুর্ঘটনা রোধে লঞ্চ-বাসসহ সব ধরনের যানবাহনে জাল সনদধারী চালক নিয়োগ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)। এ জন্য প্রকৃত সনদধারী চালকদের ছবিসহ বিস্তারিত তথ্য নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ওয়েবসাইটে দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবিসহ পাঁচ দফা সুপারিশ উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির উপদেষ্টা প্রকৌশলী ম. ইনামুল হক, ভারপ্রাপ্ত সভাপতি তুসার রেহমান, যুগ্ম সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল, বিআইডব্লিউটিএ’র সাবেক পরিচালক এমদাদুল হক বাদশা, সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিয়া আক্তার রীতা, সেকেন্দার হায়াত, পুষ্পেন রায়, রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, সরকারি তথ্য অনুযায়ী প্রায় ১০ হাজার নৌযানে প্রকৃত সনদধারী মাস্টার ও ড্রাইভার নেই। হয় তারা জাল সনদধারী অথবা সনদবিহীন। অল্পশিক্ষিত বেকাররা টাকার বিনিময়ে দালালচক্রের সহায়তায় জাল সনদ সংগ্রহ করেন। এর সঙ্গে নৌপরিবহন অধিদপ্তরের দু-চারজন অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত। এটা নৌ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেন এই পরিবেশবিদ।

অ্যাডভোকেট জুলফিয়া আক্তার রীতা বলেন, সারা দেশে জাল সনদধারী বিপুলসংখ্যক চালক আছেন, যারা বাস-ট্রাক চালাচ্ছেন। বিআরটিএ’র কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালালদের সহায়তায় চালকদের হাতে এসব জাল সনদ তুলে দেয়া হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা সুপারিশ তুলে ধরা হয়। এগুলো হচ্ছে- যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযানের মাস্টার ও ড্রাইভারদের ছবি ও তথ্য সংবলিত সনদ নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড এবং প্রতিটি পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের তথ্য হালনাগাদকরণ। বাস ও ট্রাকসহ সব ধরনের সড়কযানের চালকদের ছবি ও তথ্য সংবলিত সনদ বিআরটিএ’র  ওয়েবসাইটে আপলোড এবং প্রতিটি পরীক্ষার পর উত্তীর্ণ চালকদের তথ্য হালনাগাদকরণ। নৌ ও সড়ক নিরাপত্তার স্বার্থে জাল সনদ শনাক্তকরণ এবং জাল সনদধারী চালকদের আটকের লক্ষ্যে অবিলম্বে সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু। বাস-ট্রাকসহ যাত্রী ও পণ্যবাহী সড়কযানে চালকের পাশাপাশি কন্ডাক্টর ও হেলপারদের সরকারি পরিচয়পত্র বাধ্যতামূলককরণ।

সনদবিহীন মাস্টার ও ড্রাইভার নিয়োগ না করার জন্য সব ধরনের নৌ ও সড়কযান মালিকদের নির্দেশনা প্রদান এবং নিয়োগের আগে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে সনদ যাচাই-বাছাই করার জন্য মালিকদের প্রতি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি।

আরও পড়ুন