বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

এর চেয়ে ধারালো বটি, ছুরি তো রান্নাঘরে থাকে: আন্দালিব পার্থ

Parthaবগুড়ায় এগারো ঘন্টা ধরে র‍্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধুনট উপজেলা থেকে তিন চাপাতি ও তিনটি চাকুসহ কিছু জিহাদী বই উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে ব্যঙ্গ করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একাংশের সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, এত কিছু করে তিন চাপাতি আর তিন চাকু! এর চেয়ে বেশি ধারালো বটি ,ছুরিতো মানুষের রান্নাঘরে থাকে। মশা মারতে কামান . . .।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার ফেসবুক স্ট্যাটাসে যৌথ বাহিনীর অভিযান প্রসঙ্গে এমন ব্যঙ্গাত্নক মন্তব্য করেছেন।

উল্লেখ্য, বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর দুর্গম চর এবং ধুনট উপজেলায় জঙ্গি আস্তানার খোঁজে সোমবার ভোর চারটা থেকে বেলা তিনটা পর্যন্ত অভিযান চলেছে। র‌্যাব, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী ১১ ঘণ্টার এই অভিযানে তিনটি চাপাতি, তিনটি চাকু, নয়টি জিহাদি বই এবং একটি তারের কুণ্ডলী উদ্ধার হয়েছে।

অভিযান শেষে ঢাকা থেকে যমুনার চরে এসে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

এদিকে, ব্যারিস্টার আন্দালিবের এই মন্তব্য পড়ে শেখ সানি নামের একজন মন্তব্য করে লিখেছেন- আসলেই তাজ্জব হয়ে গেলাম! র‍্যাব-পুলিশ-বিজিবির ৯০০ শত সদস্যের চৌকশ যৌথ বাহিনী বগুড়ায় অস্ত্র উদ্ধারের জন্য রোববার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত ১১ ঘণ্টা সাঁড়াশি/চিরুনী অভিযান চালিয়েছে। নজিরবিহীন এই অভিযান শেষে আবার হেলিকপ্টারে গিয়ে সংবাদ সম্মেলনও করেছে র‍্যাবের ডিজি বেনজির! বিরাট সাফল্য! অথচ বগুড়ায় ছাত্রলীগ নিয়ন্ত্রিত যে কোনও মেসেও এর কয়েকগুন বেশি চাপাতি এবং রামদা থাকার কথা।

আরও পড়ুন