বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের দেয়া খুতবা না পড়লে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

22-07-16-Addresses_Food Minister-1যে সকল মসজিদের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) খুতবা পড়বেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

জাতীয় প্রেসক্লাবে শুক্রবার দুপুরে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ কোরআন ও হাদিসের আলোকে কী?’ শীর্ষক এক আলোচনাসভায় মন্ত্রী একথা জানান। সভার আয়োজন করে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘অনেক মসজিদের ইমাম ইফা’র খুতবা প্রত্যাখ্যান করেছেন। আমরা এসব মসজিদ মনিটরিং করছি। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে, ইমামরা মসজিদে যা খুশি তাই বলতে পারেন না ।’

জাতীয় ঐক্যে বিদেশি সাহায্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সব দেশের সাহায্য নিবেন। তবে এমন কোনো দেশের নিকট থেকে সাহায্য নিবেন না যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।’

এ সময় আওয়ামী লীগের এই নেতা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘২০ দলীয় জোট থেকে জামায়াতকে বের করে দিন। তাহলেই আপনাদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে।’

একই সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘জঙ্গিদের পাশে বসিয়ে খালেদা জিয়া যখন জাতীয় ঐক্যের কথা বলেন তখন দেশের সমস্ত মানুষ হাসেন।’

তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবির জঙ্গিদের ট্রেইনার হিসেবে কাজ করছে।’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় আর বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম এবং বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির নেতা-কর্মীরা।

আরও পড়ুন