কিশোরগঞ্জের নিকলীতে মাছ ধরার অবৈধ জাল জব্দ করে ব্যবহারকারীদের কারাদণ্ড দেয়ায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা অফিসার ইনচার্জসহ (ওসি) আদালতের সাত সদস্য আহত হন।
শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নিকলীর রোদার পুড্ডা গ্রামের পেছনের খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিকলী থানার ওসি মুঈদ চৌধুরী মোবাইলফোনে জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে পরিচালিত অভিযানের সময় ওই খাল এলাকায় ব্যবহারের সময় অবৈধ কারেন্ট ও বেড়জালসহ আটক করে দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিলে এ হামলার ঘটনা ঘটে। এতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম ও তিনি (ওসি) নিজেসহ ৭জন আহত হন।
এ রিপোর্ট লেখার সময় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


