আইএস নয়, দেশীয় জঙ্গিরাই বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আইএস না, দেশীয় জঙ্গি সংগঠনগুলোই দেশের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। আর দেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারীরাই এখন ছাত্রদের জঙ্গি হতে মদদ দিচ্ছে।”
বেলা ১১টায় কাওরান বাজারের এফডিসিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ অবস্থা কাটিয়ে উঠতে অভিভাবকদের তাদের সন্তানের প্রতি নজর দেয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সরকারের পাশাপাশি সমাজকেও জঙ্গিবাদ দমনে এক হয়ে কাজ করতে হবে। সন্তানের জঙ্গি সংশ্লিষ্টতার কারণে কোনো বাবাকে জাতির কাছে ক্ষমা চাইতে হচ্ছে—এমন কিছু আমরা দেখতে চাই না। প্রতিটি পরিবার সন্তানদের দিকে খেয়াল রাখলে এ অপরাধ অনেকখানি কমে আসবে।
এসময় মন্ত্রী জনগণকে আশ্বস্ত করে বলেন, জঙ্গিবাদ দমনে সরকার সব সময় সতর্ক আছে।
‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’—এই স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় পদ্ধতির জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’-এর উদ্বোধনী দিনে ‘সামাজিক সচেতনতাই জঙ্গিবাদ মোকাবিলা করতে পারে’—এ বিষয়ের ওপর বিতর্কে দুটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় ছায়া সংসদে সরকারি দলের ভূমিকায় ছিল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। বিরোধী দলে ছিল প্রাইম ইউনিভার্সিটি।
বিতর্ক শুরুর আগে জঙ্গিবাদ প্রতিরোধে উপস্থিত বিতার্কিক ও অতিথিরা শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান এম এ সবুর।


