বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তারেক ‘ঠিক সময়েই’ আপিল করবেন

1451809614অর্থপচার মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঠিক সময়েই আপিল করবেন বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বিচারপতি প্রভাবিত হয়ে রায় ঘোষণা করেছেন আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আইনমন্ত্রীর এই বক্তব্যই প্রমাণ করে দেশের বিচার ব্যবস্থা সরকার দ্বারা প্রভাবিত।

রোববার দুপুরে সুপ্রিমকোর্ট মিলনায়তনে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠগন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জয়নুল আবেদীন বলেন, ‘হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে তারেক রহমান সঠিক সময়েই আপিল করবেন। বাংলাদেশের একটি মামলা ১৭ বছর পর আপিল করা হলে সেটি আপিল বিভাগ গ্রহণ করেছিলো। সেই হিসেবে তারেক রহমানও আপিল করবেন। আইনমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করলে বাংলাদেশের সকল মানুষ ধরে নেবে সরকার দ্বারা এদেশের বিচার ব্যবস্থা প্রভাবিত।’

আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে দেশের সকল জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন ও মিছিল করার ঘোষণা দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আগামী ২৫ থেকে ২৮ জুলাই এ কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। একইসঙ্গে প্রতিদিন বেলা ১টা থেকে সুপ্রিমকোর্টেও কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, তৈমুর আলম খন্দকার, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সহসভাপতি ওয়ালিউর রহমান খান, মুক্তার কবির খান, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

আরও পড়ুন