সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের ডাকা ধর্মঘটের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ ও কার্যালয়ের তালায় ‘সুপার গ্লু’ লাগিয়ে ধর্মঘট পালন করছে।
রোববার (২৪ জুলাই) সকালে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ক্লাস ও অফিসে এসে তালা খুলতে গেলে ‘সুপার গ্লু’ লাগানোর বিষয়টি নজরে আসে।
জানা যায়, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানবিকী অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, পদার্থবিজ্ঞান ও গাণিতিক বিষয়ক অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, প্রশাসনিক ভবন, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের প্রধান ফটকসহ বিভিন্ন শ্রেণিকক্ষের তালায় ‘সুপার গ্লু’ লাগায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়টি নজরে এলে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তালা গুলো কেটে আবার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের কয়েকজন কর্মচারীর সাথে কথা বলে জানাযায়, আমরা সকালে বিভিন্ন কক্ষের তালা খুলতে এসে দেখি তালা খুলছে না। পরে নিরাপত্তাকর্মীদের খবর দিলে তারা এসে তালা কেটে দিয়ে কক্ষ খুলে দিয়ে যান’।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘কে বা কারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের তালায় ‘সুপার গ্লু’ দিয়েছে। পরে আমরা তালাগুলো কেটে পেলেছি। এখন শিক্ষা কার্যক্রম স্বাভাবিক চলছে’।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অবৈধ সরকার যে রায় দিয়েছে তা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। যার কারণে তারা ধর্মঘটের সমর্থনে বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দিয়েছেন।’


