ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের চিত্রগ্রাহক জিজেডএমএ মবিন মারা গেছেন।
সোমবার দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসাপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ছোট জামাতা মুশফিক মাহবুব শুভ্র।
বেশ কিছুদিন ধরে মবিন ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মুশফিক মাহবুব শুভ্র জানান, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর ক্যামেরাম্যান হিসেবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের চিত্রগ্রাহক ছিলেন জিজেডএমএ মবিন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডিএফপি থেকে বঙ্গবন্ধুর ক্যামেরাম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
জিজেডএমএ মবিনকে সোমবার রাতে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান শুভ্র।


