ঢাকার কল্যাণপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলিতে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’ নামক একটি বাড়িতে ঘণ্টাব্যাপী ‘অপারেশন স্টোর্ম ২৬’ পরিচালনা করে সোয়াত, র্যাব, ডিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।
কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী গণমাধ্যমে।
ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি ‘অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ জঙ্গিকে হত্যা করেছে বাংলাদেশ পুলিশ’ শিরোনামের এক প্রতিবেদনে বলছে, ঢাকায় বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ৯ ইসলামী জঙ্গিকে হত্যা করেছে পুলিশ। কল্যাণপুরে আবাসিক এলাকায় তল্লাশির সময় হাতবোমা হামলার শিকার হয় পুলিশ।
ব্লগার, মুক্তমনা লেখক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী হামলার ঢেউ দেখা গেছে বাংলাদেশে। চলতি মাসেই ঢাকার একটি ক্যাফেতে রক্তাক্ত হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে; এদের অধিকাংশই বিদেশি নাগরিক।
বিবিসি বলেছে, মঙ্গলবারের অভিযানে কোনো জঙ্গিগোষ্ঠীর সদস্যরা নিহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। সন্দেহভাজন একজনকে পুলিশ জিম্মায় নিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় মঙ্গলবার ভোরে পুলিশের অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। অপারেশন স্টোর্ম ২৬ নামের ঘণ্টাব্যাপী অভিযানে নিহতদের পরনে কালো কাপড় ও সাদা পাগড়ি ছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মাসুদ আহমেদ আলজাজিরাকে বলেন, নিহতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের কাপড় থেকে আমরা কয়েকটি আইডি কার্ড উদ্ধার করেছি।
‘বাংলাদেশে পুলিশি অভিযানে ৯ জঙ্গি নিহত’ শিরোনামের প্রতিবেদনে পুলিশ প্রধানের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবার বাংলাদেশে পুলিশ ৯ জঙ্গিকে হত্যা করেছে। নিহত জঙ্গিরা গত ১ জুলাই ঢাকার ক্যাফেতে হামলার অনুরূপ হামলা পরিকল্পনা করেছিল বলে ধারণা করছে পুলিশ। ক্যাফেতে হামলায় অন্তত ২২ জন নিহত হয়।
পুলিশের সঙ্গে গোলাগুলির সময় জঙ্গিরা আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছিল। পুলিশের ধারণা, নিহতরা ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের সদস্য।
‘বাংলাদেশে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত’ শিরোনামের প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলছে, মঙ্গলবার জঙ্গিদের আস্তানায় অভিযানে ৯ জন নিহত হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকায় জঙ্গিদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৯ সন্দেহভাজন ইসলামী চরমপন্থীকে হত্যা করেছে বাংলাদেশ পুলিশ।
নিহতদের শরীরে আইএসের কালো পোশাক থাকলেও পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক এবিসি নিউজকে বলেছেন, অভিযানে নিহত ৯ জঙ্গির সঙ্গে অাইএস জঙ্গিদের সম্পর্ক নেই।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি ‘ব্যাপক হামলা পরিকল্পনাকারী ৯ ইসলামী জঙ্গি ঢাকার গোপন আস্তানায় নিহত’ শিরোনামের প্রতিবেদনে বলছে, ঢাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ জঙ্গি নিহত হয়েছে।
পুলিশ বলছে, নিহত জঙ্গিরা গত ১ জুলাই গুলশানের আর্টিসান রেঁস্তোরায় হামলাকারী গ্রুপের সদস্য। আরো একটি বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল নিহতরা।
মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলছে, মঙ্গলবার বাংলাদেশ পুলিশ ঢাকার একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৯ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। অভিযানের সময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এছাড়া পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন, ভারতের টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ব্রিটেনের দ্য গার্ডিয়ান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যম রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্টোর্ম ২৬’ অভিযানে ৯ জঙ্গি নিহতের খবর প্রচার করেছে।



Leave a Reply