ফ্রান্সে একটি গির্জায় জিম্মি সঙ্কটের অবসান হয়েছে। পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হওয়ার আগে দেশটির উত্তরাঞ্চলের নরম্যান্ডি এলাকার ওই গির্জার যাজককে হত্যা করে তারা।
মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত ১৪ জুলাই রাতে ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবস উদযাপনে ভূমধ্যসাগর তীরবর্তী প্রমনেদ দেস অঁলেতে জড়ো হওয়া মানুষের ওপর ট্রাক তুলে দেয়ার ঘটনায় ৮৪ জন নিহত হন; এরপর দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পর এই ঘটনা ঘটল।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জানিয়েছেন, গির্জায় হামলাকারীরা নিজেদেরকে ইসলামিক স্টেটের (আইএস) সদস্য বলে দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ছুরি হাতে অন্তত দুজন দুর্বৃত্ত সাঁ-এটিন্নি-দু-রুভরে নামের ওই গির্জাতে হামলা চালায়। তারা গির্জার যাজক, দুজন নান এবং দুজন দর্শনার্থীকে জিম্মি করে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগেই যাজককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জিম্মিকারীরা।
ফরাসি টেলিভিশনের খবর বলা হয়েছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি গুলির শব্দ পাওয়া গেছে। পুলিশ ও জরুরি সেবা বিভাগের সদস্যরা গোটা এলাকা ঘিরে রেখেছেন।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের একটি কনসার্ট হলে ও অন্যান্য স্থানে সন্ত্রাসীরা বোমা ও অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অন্তত ১৩০ জনকে হত্যার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।


