ঢাকার কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান এবার সরাসরি সম্প্রচার করেনি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার সময় টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারের বিষয়ে সমালোচনা সামনে আসে।
জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেছেন। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
র্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অংশ নেন অভিযানে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ।
অভিযানের সময় টেলিভিশন চ্যানেলগুলো নিউজের শিরোনাম, প্রাপ্ত তথ্য ও বিভিন্ন অতিথি নিয়ে ঘটনাটি বিশ্লেষণ করে। কিন্তু সরাসরি সম্প্রচার করেনি।
গুলশান হামলার পর অপারেশন থান্ডারবোল্ট পরিচালনার সময় র্যাবের পক্ষ থেকে টেলিভিশন চ্যানেলগুলোকে সরাসরি সম্প্রচার না করার আহ্বান জানানো হয়। পরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পুলিশের অভিযান সরাসরি সম্প্রচারের সমালোচনা করেন।
এদিকে, জঙ্গি আস্তানায় অভিযানের খবর পেয়ে টেলিভিশন, অনলাইন ও পত্রিকার সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে অবস্থান করতে নির্দেশ দেয়। ব্যারিকেড দিয়ে সাংবাদিকসহ সাধারণ মানুষদের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মূহু গুলির শব্দ শোনা যায়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। আরেকজনকে আটক করা হয়।



Leave a Reply