বুধবার ৪ নভেম্বর ২০২৬

কল্যাণপুরে নিহত জঙ্গিদের ৩ জন নর্থ সাউথের শিক্ষার্থী

nsu_77464ঢাকার কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে তিনজনই বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী। বাকিদের মধ্যে তিনজন মাদ্রাসার ছাত্র, একজন নোয়াখালীর একটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন আর একজন চতুর্থ শ্রেণি পাস।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এরই মধ্যে এদের প্রায় সবারই পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা শিক্ষিত হলেও বিপথগামী।

মনিরুল ইসলাম বলেন, এরই মধ্যে জঙ্গিবাদে মদদদাতা, অর্থ যোগানদাতা এবং পৃষ্ঠপোষকদের ছায়া পুলিশ দিয়ে চিহ্নিত করা হয়েছে। এদের বিষয়ে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই এদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘গত ২১ জুলাই মিরপুর থেকে জঙ্গিসন্দেহে গ্রেপ্তার হওয়া দুজনের জবানবন্দি নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন খালেদ সাইফুল্লাহ সাগর বিন ইমদাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মালিকাধীন ‘মাকতাবাতুল কুরআন’ নামক প্রকাশনী থেকে ৫ হাজার জেহাদি বই পাওয়া গেছে। তবে প্রকাশনীর অপর মালিক মালয়েশিয়া পালিয়ে গেছে বলে তিনি আমাদের বলেছেন।’

মনিরুল ইসলাম বলেন, প্রকাশনী এবং ছাপাখানাটি সিলগালা করা হয়েছে।

আরও পড়ুন