লক্ষ্মীপুরের এক ধর্মীয় শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে দালাল বাজার উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষক মাওলানা শরীফুল ইসলামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় শিক্ষককে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র জব্দ করেছে।
শিক্ষক শরীফুল ইসলাম লক্ষ্মীপুর সদরের নন্দনপুর গ্রামের বাসিন্দা। তিনি আহলে সুন্নাত জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শরীফুল জানান, রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খুলতেই অতর্কিত হামলা করে। তারা শরীরের বিভিন্ন অংশে কোপায়। পরিবারের লোকজন চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসে। পরে আমাকে সদর হাসপাতালে ভর্তি করায়।
এদিকে, শনিবার সকালে হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ সভা করে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা। সভায় বক্তব্য দেন ফয়েজ আহম্মদ, জামাল উদ্দিন, খোয়াজ আহম্মদ, আয়াত উল্যা প্রমুখ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


