বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩০তম ফোবানা সম্মেলনের সাফল্য কামনায় হাসিনা-ওবামার বার্তা

Fobana-Hasina-Obama-ফেডারেশন অফ বাংলাদেশি অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের সাফল্য কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সপ্তাহে সম্মেলন প্রস্তুতি কমিটির কাছে দুই নেতার বার্তা পৌঁছায়।

আগামী ২ সেপ্টেম্বর ওয়াশিংটনের পেন্টাগন শেরাটন হোটেলের বলরুমে ফোবানার ৩০তম সম্মেলন শুরু হবে। সম্মেলন ঘিরে প্রস্তুতি চলছে বলে আয়োজক কমিটির ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালক শিব্বির আহমেদ জানিয়েছেন।

সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বেশ কয়েকজন গভর্ণর-সিনেটর শুভেচ্ছা বাণী দিয়েছেন। উল্লেখযোগ্য মুলধারার নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সিনেটর মার্ক ওয়ার্নার, গভর্ণর টেরী ম্যাকলফি, সিনেটর বিল নেলসন, সিনেটর মার্কো রুবিও প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, ফোবানা বিগত ৩০ বছর ধরে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য এবং মুক্তি সংগ্রামের ইতিহাস উপস্থাপন করছে বলে আমি আনন্দিত। ‘প্রতিবছরই সবার মাঝে বাংলাদেশি ইতিহাস-ঐতিহ্য ছড়িয়ে দিতে ফোবানা এ সম্মেলনের আয়োজন করে থাকে। এখানে শিক্ষা, সংস্কৃতি, বৈজ্ঞানিক ও সামাজিক কার্যক্রমে তরুণদের উৎসাহিত করা হয়। অনুপ্রেরণা যোগানো হয় দাতব্য কার্যক্রমে। এছাড়া বাংলাদেশের সঙ্গে উত্তর আমেরিকার বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর নানা দিকও সম্মেলনে উপস্থাপিত হয়।’ প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ফোবানা উত্তর আমেরিকায় তাদের এ কার্যক্রম চালিয়ে যাবে এবং বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বলতর করবে।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা তার বার্তায় বলেন, ফোবানার মতো সংগঠনগুলো আমেরিকার সমৃদ্ধ ইতিহাস উদযাপনে সহযোগিতা করছে। সংগঠনগুলোর কার্যক্রম ব্যক্তিকে তার শেকড়ের বাঁধনে বেঁধে রাখে। বাংলাদেশের সঙ্গে উত্তর আমেরিকার বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক দৃঢ়তর করার লক্ষ্যে গঠিত ফোবানা বিগত ৩০ বছর ধরে এ সম্মেলন করে আসছে।

সম্মেলনে এই প্রথমবারের মত বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্টদের সংগঠন ”আবেয়া” সাইন্স ফেয়ার ও সেমিনারের আয়োজন করছে। সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাইদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে যা ফোবানার ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে শিশু কিশোর ট্যালেন্ট শো প্রতিযোগীতা, কাব্য জলসা, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার সহ নানা আয়োজন থাকছে।

সম্মেলন আয়োজক কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, “সম্মেলনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, হাজার বছরের ঐতিহ্যসমৃদ্ধ বাঙালি সংস্কৃতির কথা তুলে ধরা হবে। এজন্য প্রথমবারের মত বাংলাদেশ প্যারেডের আয়োজন করা হয়েছে। এই প্যারেড বাংলা আর বাঙালির ইতিহাস সামনে তুলে ধরবে।”

আরও পড়ুন