‘বন্ধ হয়ে যাচ্ছে’ মোবাইল অপারেটর সিটিসেল। সিটিসেল বন্ধ হয়ে গেলে এতগুলো গ্রাহকের সংযোগসহ মোবাইল ফোন অকেজো হয়ে পড়বে। তবে এ লোকসানে গ্রাহকদের জন্য দুঃখপ্রকাশ ছাড়া কিছুই করার নাই টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির।
উল্লেখ্য, দেশের প্রথম ও একমাত্র সিডিএমএ (কোড ডিভিশন মাল্টিপল অ্যাকসেস) এই মোবাইল ফোন অপারেটরটির বর্তমানে গ্রাহকের সংখ্যা প্রায় ৮ লাখ।
বুধবার রমনায় বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলন করে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, সিটিসেল চালু বা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে বন্ধ হয়ে গেলে গ্রাহকদের জন্য বিটিআরসি দুঃখপ্রকাশ করছে। এছাড়া ‘নেভার-এভার’ কারো ক্ষতিপূরণ দেবে না।
তিনি বলেন, ‘সিটিসেলের একটি প্রতিনিধি দল এসে আলোচনা করে গেছে। এই আলোচনার বিষয়ে বিটিআরসি একটি সার-সংক্ষেপ সরকারকে জানাবে।’ এর উপর ভিত্তি করে সরকার আলোচনার ফলাফল নির্ধারণ করবে বলেও যোগ করেন তিনি।


