রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নতুন জঙ্গি সংগঠন আল আনসারের প্রধান সমন্বয়কারীসহ পাঁচজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান।
আল আনসারের এই পাঁচ সদস্য হলেন- সংগঠনটির প্রধান সমন্বয়কারী মাওলানা মো. রাশেদুল আলম, আব্দুল্লাহ আল মামুন ,আবু বকর মনির, রাইসুল ইসলাম এবং আব্দুল মালেক।
গতকাল বুধবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই ও প্রশিক্ষণসামগ্রী উদ্ধার করা হয়েছে দাবি করেছে র্যাব।


