ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের ভেতর বিএসএফের গুলিতে আলম হোসেন (২৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশী ৫-৬ জন গরু ব্যবসায়ী বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের ৫শ’ গজ অভ্যন্তরে বর্ণবাড়িয়া নামক স্থানে পৌঁছান। এ সময় ভারতের বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গরু ব্যবসায়ী আলম হোসেন গুলিবিদ্ধ হন।
তার সঙ্গীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে নিয়ে আসেন। সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।


