বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার লন্ডনে মোস্তাফিজের অস্ত্রোপচার

1470222413অস্ট্রেলিয়াতে নয়, শেষমেশ লন্ডনেই হচ্ছে মোস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার। আগামী বৃহস্পতিবার লন্ডনের ফোর্টিয়াস ক্লিনিকে হবে এ অস্ত্রোপচার। অস্ত্রোপচার করবেন ইংল্যান্ডের নামকরা সার্জন এন্ড্রু ওয়ালেসে। শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মোস্তাফিজের অস্ত্রোপচার নিয়ে জালাল ইউনুস বলেন, ‘রোববার মোস্তাফিজের কাছে যাচ্ছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আগামী ১১ আগস্ট মোস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার করবেন চিকিৎসক এন্ড্রু ওয়ালেসে।’

গত ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা অনুভব করেন মোস্তাফিজ। এরপর এমআরআই রিপোর্টে বাম কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়ে তাঁর। লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার মোস্তাফিজকে অস্ত্রোপচারের পরামর্শ দেন।

পরে আরও কয়েকজন চিকিৎসককে দ্বারস্থ হন মোস্তাফিজ। এমআরআই করান একাধিকবার। তারা সবাই অস্ত্রোপচারের পরামর্শ দেন।

অস্ত্রোপচার ও পরবর্তী সুস্থতার জন্য ছয় মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে মোস্তাফিজকে। ফলে আসছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরে মাঠে দেখা যাবে না ‘কাটার বয়’কে।

১৪ মাসের ক্যারিয়ারে পাঁচবার ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। গেল নভেম্বর থেকেই ইনজুরি প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিলেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে টি-২০ সিরিজের কিছু দিন মাঠের বাইরে ছিলেন তিনি। খেলা হয়নি এশিয়া কাপের ফাইনালও।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হয় মোস্তাফিজের পথচলা। অভিষেকের পর থেকেই দারুণ নৈপুণ্য ছড়িয়ে যাচ্ছেন ২০ বছর বয়সী এই পেসার। ওয়ানডেতে ভারতকে একাই গুড়িয়ে দেন তিনি। দশম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট দখল করে ইতিহাসের পাতায় নাম লেখান। পরের ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট। এরপর টেস্টেও স্মরণীয় অভিষেক। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে গড়েন আরেক নজির।

তাছাড়া আইপিএলেও তাঁকে গুরুত্বের সঙ্গে নিয়েছে সানরাইজ হায়দরাবাদ। গুরুত্বের প্রতিদান দিতে মোটেও ভুল করেননি ‘ফিজ’। বেশ দাপটের সঙ্গেই মাঠ মাতিয়ে ছিলেন তিনি। টুর্নামেন্টে ১৬ ম্যাচে ৬১ ওভার খেলে ১৭টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।

আরও পড়ুন