বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জুলহাজ-তনয়ের ৫ খুনি শনাক্ত

XaOKQ9PbpSprঢাকার কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে খুনে অংশ নেওয়া পাঁচ খুনিকে শনাক্ত করেছে গোয়েন্দারা। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া এই খুনিরা সবাই আনসারুউল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য বলে জানিয়েছে গোয়েন্দারা।

২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাসে নিজ বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ ও তার বন্ধু নাট্যকর্মী তনয়কে হত্যা করে দুর্বৃত্তরা।

শুক্রবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকি বলেন ‘জোড়া খুনের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম জড়িত। তারাই এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়ছে, যে হত্যাকাণ্ডের জন্য অস্ত্র সরবরাহ করেছে। তদন্তের পরই বিস্তারিত বলা যাবে।’

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ঘটনার পর দুর্বৃত্তদের কাছ থেকে কড়ে নেওয়া একটি ব্যাগ ও পাশের বাসার ভিডিও ফুটেজ দেখে পুরো তদন্ত করা হয়। এরপরই ওই পাঁচজনকে শনাক্ত করা হয়। তারা সবাই এবিটির সদস্য।

এ ছাড়া বিভিন্ন সময় এবিটির সদস্যদের গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যেও এই পাঁচজনের বিষয়ে জানা গেছে। খুনিদের গ্রেপ্তারে একাধিক গোয়েন্দা দল অভিযান অব্যাহত রেখেছে।

মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, গত দুই বছর ধরে একের পর এক ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষক, ভিন্ন মতাবলম্বী ধর্মগুরু এবং ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা করেছে এ সংগঠনটি। জুলহাজ ও তনয় সমকামীদের অধিকার নিয়ে কাজ করায় তাদেরও হত্যার জন্য টার্গেট করে জঙ্গিরা। এদের আধ্যাত্মিক নেতা মাওলানা জসিমউদ্দিন। তিনি এখন কারাগারে আছেন।

২৫ এপ্রিল বিকেলে পার্সেল দেওয়ার কথা বলে জুলহাজ মান্নানের বাসায় ঢোকে পাঁচ থেকে সাতজন যুবক। জুলহাজ ও তনয়কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। ঘটনার রাতেই জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন। জুলহাজ মান্নান সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’এর সম্পাদক ছিলেন। আর তনয় ছিলেন লোকনাট্য দলের কর্মী। এ ঘটনায় সে সময় দেশে-বিদেশে ব্যাপক সমলোচনা হয়।

আরও পড়ুন