স্থাপনের চার মাসের মধ্যেই বেহাল দশা ঢাকার দুই সিটি কর্পোরেশনের ময়লা ফেলার বিনগুলোর। সমন্বিত উদ্যোগ ও নগরবাসীর সচেতনতার অভাবে উদ্যোগটি ভেস্তে যেতে বসেছে বলে মত নগরবিদদের। তবে, বিন রক্ষায় সিসি টিভিসহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন।
‘ময়লা আবর্জনা বিনে ফেলুন’ রাজধানীর একটি এলাকার একটি ওয়েস্ট বিনটির গায়ে এমন কথা লেখা থাকলেও এটি ব্যবহৃত হচ্ছে মানুষের ব্যাক্তিগত কাজে। সরেজমিনে গিয়ে দেখা যায় ফুটপাতের দোকানীরা এরমধ্যে রাখছেন পান, আবার কেউ কেউ রাখছেন পানি। শুধু এই বিনটিই নয়, যথাযথ ব্যবহার হচ্ছে না রাজধানীর দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে বসানো ৮ হাজারের অধিক ওয়েস্ট বিনের বেশির ভাগই।
শুধু অপব্যবহারই নয়, এর মধ্যে এরকম অসংখ্য ওয়েস্ট বিনের ঢাকনা খুলে নেয়া হয়েছে, কোনটির অবস্থা নাজুক আবার কোথাও কোথাও চুরি হয়ে গেছে পুরো বিনটাই।
ময়লা ফেলা হবে ওয়েস্ট বিনে আর পরিচ্ছন্ন থাকবে নগর। হবার কথা ছিল এমনটাই। কিন্তু এই ওয়েস্ট বিন চুরি হবে বা এর যাচ্ছেতাই ব্যবহার হবে এমনটা হয়তো ভাবেননি কেউ। কারণ হিসেবে অব্যবস্থাপনা ও মানুষের অসচেতনতাকে দুষলেন নগর পরিকল্পনাবিদরা।
নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, ‘সামাজিক বনায়নের মতো বনায়ন করতে পারছি যেখানে, সেখানে আশেপাশের সমাজ এই বনায়নের সঙ্গে যুক্ত হয় কিন্তু নগর উন্নয়নের এই সমস্ত কাঠামোগত উন্নয়নে কাঠামোর সাথে মানুষকে তার প্রতিবেশীকে বা প্রতিবেশকে যুক্ত করতে পারছে না।’
ওয়েস্টবিনগুলো রক্ষায় প্রয়োজনে ব্যবস্থা নেয়া সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
ডিএনসিসি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, ‘ঢাকার উত্তর সিটি কর্পোরেশন সিসি টিভির আওতায় নিয়ে আসা হবে। এখন যে বিনগুলো লাগানো হবে সেই বিনগুলো সিসি টিভির আওতায় মধ্যে থাকবে। আর যে বিনগুলো বানানো হবে সেখানে অ্যাম্বুস করে একটি কোড লাগানো থাকবে যেন কেউ এই বিনগুলো কিনতে না পারে।’
পরিচ্ছন্ন ঢাকা গড়তে ৫ কোটির বেশি টাকা ব্যয়ে গত এপ্রিলে রাজধানীর বিভিন্ন স্থানে ওয়েস্ট বিন বসাতে শুরু করে সিটি কর্পোরেশন। সঠিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি সচেতনতা তৈরির মাধ্যমে এ উদ্যোগ সফল হবে বলে মত সংশ্লিষ্টদের।


