জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে সম্প্রতি আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর আগে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক এক শিক্ষার্থী কারাগারে রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে ছাত্রদের আটক হওয়ার ঘটনায় গোটা ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। তবে যাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তারা সবাই অনিয়মিত ছাত্র বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা। এ পরিস্থিতিতে অনিয়মিত ও নিখোঁজ ছাত্রদের তালিকা করছে কর্তৃপক্ষ।
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গত বুধবার রাতে সিলেট নগরী থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র জুয়েল আহমদকে আটক করে র্যাব। এর একদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইফাদ আহমদ নাহিদকে ধরে নিয়ে যায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ঢাকা থেকে আগত এই ইউনিট ১৮ জুলাই একই বিভাগের আরেক ছাত্র আবদুল আজিজকে আটক করে। ঘনঘন শিক্ষার্থী আটকের খবরে ক্যাম্পাসে বিরাজ করছে আতংক।
ভর্তি পরীক্ষায় সেরা মেধাবীরাই সুযোগ পায় ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারয়ে। কিন্তু এই বিভাগের শিক্ষার্থীরা কেন জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়ছে জানতে চাইলে বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আইপিই অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদ হাসান জানান, যারা ধরা পড়ছে তারা নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিতো না।
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক শিক্ষার্থী আটকের পর নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছে না এমন শিক্ষার্থীদের তালিকা চেয়ে ইতোমধ্যে বিভাগীয় প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২৬টি বিভাগে ১০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। আর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা সহস্রাধিক।


