বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কলেজ শিক্ষককে হত্যার হুমকি দিয়ে চিঠি

B_originalবগুড়ার দুপচাঁচিয়ায় এক কলেজ শিক্ষককে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এর আগে মোবাইল ফোনে ওই শিক্ষকের কাছে ২৫ লাখ টাকা চাঁদাও দাবি করে তারা। শনিবার দুপুরে দুঁপচাচিয়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছে।

হুমকির শিকার শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজের পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক ও দুপচাঁচিয়া থানার উনাহত সিংড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ থেকে জানা গেছে, শনিবার সকালে কে বা কারা প্রভাষক মিজানের বাড়িতে একটি চিঠি ফেলে রেখে যায়। ওই চিঠিতে বলা হয়েছে, দাবি করা টাকা না দিলে তাকে হত্যা করা হবে। আরো লেখা হয়েছে, আলামত হিসেবে তার বাড়িতে বোমা রাখা হয়েছে। পরে তিনি বাড়ির দেয়ালের উপর একটি লাল রঙের বোমা সদৃশ্য কৌটা দেখতে পান।

বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমা সদৃশ্য কৌটাটি উদ্ধার করে। পরে পুলিশ দেখতে পায় উদ্ধারকৃত বস্তুটি একটি খালি প্লাস্টিকের কৌটা।

দুপঁচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান, এর আগে যে নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়েছিল ওই নাম্বার ধরে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গেল পহেলা আগস্ট মোবাইল ফোনে দুর্বৃত্তরা মিজানুর রহমানের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। তবে ওই হুমকির বিষয়টি গুরুত্ব না দিয়ে চেপে যান। শনিবার দ্বিতীয় দফায় হত্যার হুমকি দিলে তিনি থানায় অভিযোগ করেন।

আরও পড়ুন