বুধবার ৪ নভেম্বর ২০২৬

নাম পাল্টেও শেষ রক্ষা হলো না পিস স্কুলের

rajshahi_122994নাম পাল্টে ‘লিজেন্ড একাডেমি’ করেও শেষ রক্ষা হলো না পিস স্কুলের। রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় অবস্থিত জামায়াত নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ।

রোববার বিকেলে নগরীর রাজপাড়া থানা পুলিশের একটি দল স্কুলটিতে গিয়ে সেটি বন্ধ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম।

এসি জানান, সারাদেশের পিস স্কুলগুলো বন্ধ করে দেওয়ার জন্য পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য রাজশাহীর এই স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে স্কুলটি আর খুলবে না।

তিনি জানান, স্কুলের নাম পরিবর্তন করা হলেও এ স্কুল অনুমোদনের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। যে কোনো সময় পিস স্কুল বন্ধ করে দেওয়া হতে পারে-এমন আশঙ্কায় গত ১৪ জুলাই পিস স্কুলের রাজশাহীর এই শাখাটির নাম পাল্টে ‘লিজেন্ড একাডেমি’ করা হয়।

জানা গেছে, রাজশাহীর পিস স্কুলটি চালাতেন জামায়াতের কিছু লোকজন। ইসলামী ব্যাংকের রাজশাহী শাখার কর্মকর্তা মোর্সেদ জামান স্কুলটির দেখভাল করতেন। স্কুলটির অধ্যক্ষ আলাউদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমানও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

আরও পড়ুন